ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে ১১৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। 


প্রাপ্ত ফলাফল অনুযায়ী, হাসনাত আব্দুল্লাহ তার ‍‍`শাপলা কলি‍‍` প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী (বিএনপি সমর্থিত) মো. আ. জসিম উদ্দিন ‍‍`ট্রাক‍‍` প্রতীকে পেয়েছেন মাত্র ২৬ হাজার ভোট। 


অর্থাৎ ১ লাখ ৪৬ হাজার ভোটের এক বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম এই রূপকার।সকাল থেকেই দেবিদ্বারের প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় ছিল। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। 


যদিও বিকেলে জসিম উদ্দিন কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন, তবে মাঠের প্রকৃত ফলাফল হাসনাতের একচেটিয়া আধিপত্যই নিশ্চিত করেছে। উল্লেখ্য যে, এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ার পর এনসিপি ও জামায়াতের এই জোট প্রার্থীর পথ অনেকটাই সুগম হয়।

  

বেসরকারি ফলাফল ঘোষণার পরপরই দেবিদ্বার শহর ও গ্রামীণ জনপদে আনন্দ মিছিল বের করেন হাসনাতের সমর্থকরা। নবনির্বাচিত এই সংসদ সদস্য তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে, এই বিজয় দেবিদ্বারের সাধারণ মানুষের এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি উৎসর্গ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো উপজেলার নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া চলমান রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑